আন্তর্জাতিক ডেস্ক
তোশাখানা দুর্নীতি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে ১৪ বছর কারাদণ্ড দিয়েছেন পাকিস্তানের একটি আদালত। পাশাপাশি উভয়কে ৭৮৭ মিলিয়ন পাকিস্তানি রুপি জরিমানা এবং ১০ বছরের জন্য কোনো পাবলিক অফিসে না থাকার নির্দেশ দেওয়া হয়।
বুধবার (৩১ জানুয়ারি) দেশটির জবাবদিহি আদালতের বিচারক মোহাম্মদ বশির এই রায় দেন। রায়ের পর আত্মসমর্পণ করেছেন বুশরা বিবি।
গত মাসে পাকিস্তানের দুর্নীতিবিরোধী সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (এনএবি) সৌদি ক্রাউন প্রিন্সের কাছ থেকে পাওয়া একটি গহনা বিক্রির অভিযোগে ইমরান-বুশরা দম্পতির বিরুদ্ধে আদালতে একটি মামলা করে।
সংস্থাটি আরও অভিযোগ করে, প্রধানমন্ত্রী থাকাকালে ইমরান ও তার স্ত্রী বিভিন্ন রাষ্ট্রপ্রধান এবং বিদেশি বিশিষ্টজনের কাছ থেকে মোট ১০৮টি উপহার পেয়েছিলেন।
ব্যক্তিগত লাভের জন্য রাষ্ট্রীয় উপহার বেআইনিভাবে বিক্রির অভিযোগে বুধবার তাদের এই কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
এদিকে রাষ্ট্রীয় গোপনীয়তা ফাঁসের অভিযোগে এক দিন আগেই মঙ্গলবার ইমরান খানকে ১০ বছর কারাদণ্ড দেওয়া হয়।
ইমরান খান বলেছেন, ‘আমার বিরুদ্ধে অসংখ্য মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।’ সূত্র : দ্য ডন, বিবিসি

