চলতি বছরের শুরুতে তাঁকে বিয়ের সাজে দেখে অনেকেই ভেবেছিলেন যে অভিনয় থেকে অনেকটা লম্বা ব্রেকে চলে গেলেন এবার সোলাঙ্কি। কিন্তু নিজের অভিনেত্রী সত্তাকে উপেক্ষা করার কোনও ইচ্ছে নেই তাঁর, বরং আরও বেশি চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করার পরিকল্পনা তাঁর।
মাস কয়েক আগে যখন ওয়েব সিরিজ ‘ধানবাদ ব্লুজ’-এ তাঁর কাস্টিংয়ের খবর সংবাদমাধ্যমে আসে, তখন থেকেই বেশ স্পষ্ট ভাষায় জানিয়েছিলে সোলাঙ্কি যে তিনি আসলে ধারাবাহিকের গতানুগতিক চরিত্র থেকে বেরতে চান। হইচই-এর ওয়েব সিরিজে তাঁকে একেবারেই অন্য ধরনের একটি চরিত্রে পেয়েছেন দর্শক।
‘‘মাইন ব্লাস্টিং, সারাক্ষণ কয়লার আগুন, এই ব্যাপারগুলো একদম অন্য রকম একটা অভিজ্ঞতা ছিল’’, ‘ধানবাদ ব্লুজ’-এ শ্যুটিং প্রসঙ্গে বললেন সোলাঙ্কি, ‘‘এই যে কয়লা তোলা হচ্ছে, ব্লাস্ট হচ্ছে, এই জিনিসগুলো তো কখনও দেখিনি, এগুলো দারুণ এক্সপেরিয়েন্স। আর তা ছাড়াও ওয়েব সিরিজে কাজ তরার অভিজ্ঞতাটা একদমই অন্য রকমের।’’
‘ধানবাদ ব্লুজ’-এর সিজন ফিনালে-র পরে আবারও তিন মাসের বিরতি নিচ্ছেন সোলাঙ্কি। বিরতির পরে ফিরতে চান বড়পর্দায় অথবা ওয়েবে, কোনও ভাল চরিত্রে কিন্তু ছোটপর্দা নিয়ে এই মুহূর্তে কোনও পরিকল্পনা নেই তাঁর।
তিনি বলেন, ‘‘আসলে ছোটপর্দার কমিটমেন্টটা অনেকটা বেশি সময়ের, তাই এক্ষুণি ছোটপর্দায় ফেরার ইচ্ছে নেই। ভাল চরিত্রের জন্য অপেক্ষা করছি এবং ভাল চিত্রনাট্য, ওটাই খুব প্রয়োজন।’’

