একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের হালুয়াঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: এরশাদুল আহমেদের বদলীর আদেশ প্রত্যাহার এবং পুর্নবহালের দাবি জানিয়ে মানববন্ধন কর্মসূচী পালন করেছে শিক্ষার্থীরা। এ সময় ইউএনও মো: এরশাদুল আহমেদকে কর্মজীবনে সৎ ও সেবাবান্ধব বলে দাবি করেন তারা।
রোববার (৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে হালুয়াঘাট উপজেলা পরিষদের সামনের সড়কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ জনগণের ব্যানারে এই কর্মসূচী পালন করা হয়।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, মাত্র দুই মাস আগে ইউএনও মো: এরশাদুল আহমেদ হালুয়াঘাট উপজেলায় যোগদান করেছেন। ইতোমধ্যে তিনি তাঁর কর্মকান্ডে সততার স্বাক্ষর রেখে সেবাবান্ধব কাজের মাধ্যমে দায়িত্ব পালন করে যাচ্ছেন। কিন্তু রহস্যজনক কারণে তাকে বদলীর আদেশ দেওয়া হয়েছে। আমরা এই আদেশ অবিলম্বে প্রত্যাহার করে পুর্নবহালের দাবি করছি। অন্যথায় আগামীকাল (৯ ডিসেম্বর) থেকে সমগ্র উপজেলায় কমপ্লিট শাটডাউন কর্মসূচী পালন করা হবে, বলেও ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষার্থী জুলকার নাঈন, মোশারফ হোসেন, আবিদা সুলতানা ডানা, মাশরুহা তাবাসসুম কাশফিয়া প্রমূখ।
এর আগে চলতি বছরের ২৬ সেপ্টেম্বর হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে মো: এরশাদুল আহমেদকে পদায়ন করা হয়। তবে বিগত ৩ অক্টোবর থেকে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে দায়িত্ব গ্রহন করেন।
এই বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: এরশাদুল আহমেদ বলেন, এটি কর্তৃপক্ষের সিদ্ধান্ত, এনিয়ে আমার কোন মন্তব্য নেই।

