ক্রীড়া প্রতিবেদক
চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়েই সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ। অপেক্ষা ছিল ফাইনালে টাইগ্রেসদের প্রতিপক্ষ কে হবে সেটা জানার। গতকাল সেটাও জানা গেলে। আবারও ভারতই হলো ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ।
গতকাল বৃহস্পতিবার কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে রাউন্ড রবিন লিগে নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক নেপালকে ১০-০ গোলে উড়িয়ে দিয়েছে ভারতের নারীরা। এ নিয়ে মাসখানেকের মধ্যে দ্বিতীয়বার মেয়েদের সাফে ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও বাংলাদেশ। গত ৮ ফেব্রুয়ারি ঢাকায় দুই দেশ ফাইনালে মুখোমুখি হয়েছিল সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে। শ্বাসরুদ্ধকর ও নাটকীয় ফাইনালে কোনো দল হারেনি। দীর্ঘ নাটকের পর বাংলাদেশ ও ভারতকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করেন রেফারি।
প্রতিযোগিতা থেকে ছিটকে গেল নেপাল ও ভুটান। ভুটানের বিপক্ষে রাউন্ড রবিন লিগে পাওয়া ৩-০ গোলের জয়টি সান্ত্বনা হয়ে থাকল স্বাগতিকদের জন্য।
রাউন্ড রবিন লিগে তিন ম্যাচের দুটিতে জিতেছে ভারত। তাদের একমাত্র হার বাংলাদেশের বিপক্ষে। টানা তিন জয়ের সুযোগ আছে বাংলাদেশের সামনে। আগের দুই ম্যাচে হেরে আসা ভুটানের বিপক্ষে শুক্রবার খেলবে সাইফুল বারী টিটুর দল।
আগামী ১০ মার্চ শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত।

