কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জ মহান একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জেলার প্রয়াত ও জীবিত ১৭ ভাষা সৈনিককে সম্মাননা প্রদান করা হয়েছে।
কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে সপ্তাহব্যাপী বই মেলার উদ্বোধন উপলক্ষে এসব ভাষা শহীদদের সম্মাননা দেয়া হয়।
সম্মাননা প্রাপ্ত প্রয়াত ভাষা সৈনিকদের মধ্যে রয়েছেন বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলাম, সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমান, সাবেক সংসদ সদস্য একেএম শামছুল হক গোলাপ মিয়া, সাবেক সংসদ সদস্য আশরাফ উদ্দীন আহমদ, আইনজীবী আবু তাহের খান পাঠান, কাজী আবদুল বারী, এবি মহিউদ্দিন আহম্মদ উরফে গোলাম মওলা, সৈয়দ বদরুদ্দিন হুসাইন, সৈয়দ কমরুদ্দিন হুসাইন, মহিউদ্দিন আহমেদ, মিছির উদ্দিন আহমেদ, আমিনুল হক, কাজী ঈশা, অ্যাডভোকেট আবদুল মতিন ও গঙ্গেশ সরকার।
জীবিত ভাষা সৈনিকদের মধ্যে সম্মাননা প্রাপ্তরা হচ্ছেন, ডা. এ. এম মাজহারুল হক ও মুহ. আবু সিদ্দীক। সম্মাননা প্রাপ্ত ভাষা সৈনিকদের পক্ষে পরিবারের সদস্যগণ সম্মাননা স্মারক গ্রহণ করেন।
ভাষা সৈনিকদের সম্মাননা অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরীর সভাপতিত্বে পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও পিপি শাহ আজিজুল হক, জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি অ্যাডভোকেট ভূপেন্দ্র চন্দ্র ভৌমিক দোলন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আসাদ উল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।

