অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া বরিশাল : বরিশালের আগৈলঝাড়ায় ১০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে আগৈলঝাড়া থানার ওসি (তদন্ত)’র নির্দেশে এসআই দেলোয়ার, এএসআই মনির, জাহিদ ও বশিরসহ একদল পুলিশ উপজেলার বাইপাস সংলগ্ন কফি হাউজের পার্শ্ববর্তী মাটির রাস্তা থেকে পূর্ব সুজনকাঠী গ্রামের জাকির বেপারীর ছেলে আকাশ বেপারী (২৫) কে ১০০ পিস ইয়াবাসহ ধাওয়া করে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আকাশ বেপারী তার নানা ফুল্লশ্রী গ্রামের মাওলা পাইকের বাড়িতে থেকে দীর্ঘদিন যাবৎ ইয়াবা বিক্রি করে আসছে বলে জানিয়েছে এলাকাবাসী।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে। মঙ্গলবার সকালে তাকে বরিশাল আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

