অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া বরিশাল: বরিশালের আগৈলঝাড়া উপজেলার ৪নং মডেল গৈলা ইউনিয়ন পরিষদের প্রয়াত চেয়ারম্যান সোয়েব ইমতিয়াজ লিমন স্মৃতি টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
আগৈলঝাড়া অলস্টার ক্রিকেট দলের উদ্যোগে মঙ্গলবার বিকেলে উপজেলা সদরের সরকারী শহীদ আবদুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ মাঠে পশ্চিম সুজনকাঠী একাদশ ও হাওলা একাদশের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। নির্ধারিত ১০ ওভারের খেলায় পশ্চিম সুজনকাঠী একাদশ ১১৭ রান ও হাওলা একাদশ ১০০ রান করে। ১৭ রানে হাওলা একাদশকে পরাজিত করে পশ্চিম সুজনকাঠী একাদশ বিজয়ী হয়।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার হিসেবে এলইডি টেলিভিশন বিতরণ করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত, উপজেলা যুবলীগ সহ-সভাপতি লিটন আবদুল্লাহ, আগৈলঝাড়া প্রেসক্লাব সভাপতি কেএম আজাদ রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সবুজ আকন, যুবলীগ নেতা ফায়জুল সেরনিয়াবাত, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি উজ্জ্বল খলিফা, প্রয়াত ইউপি চেয়ারম্যান সোয়েব ইমতিয়াজ লিমনের ছেলে লোহিত তালুকদার প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন বাশাইল শহীদ সুকান্ত বাবু কলেজের অধ্যক্ষ রনজিত কুমার বাড়ৈ খোকন, কোদালধোয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পুলিন চন্দ্র বাড়ৈ, আগৈলঝাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তপন বসুসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সোয়েব ইমতিয়াজ লিমন স্মৃতি টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হয় রানার্সআপ হাওলা একাদশ এর সৌরভ বিশ্বাস ও ফাইনাল খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয় বিজয়ী পশ্চিম সুজনকাঠী একাদশ এর মো. সুজন।
খেলা পরিচালনা করেন সৈকত মন্ডল দিপু ও সাজ্জাদ ফকির। সোয়েব ইমতিয়াজ লিমন স্মৃতি টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন প্রয়াত ইউপি চেয়ারম্যান সোয়েব ইমতিয়াজ লিমনের ভাই বাপ্পী হাওলাদার ।

