একাত্তর বাংলাঃ দশম জাতীয় সংসদের ২০তম অধিবেশন আগামী ৮ এপ্রিল রোববার বিকাল ৫টায় শুরু হবে।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহবান করেছেন।
বুধবার সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
সংসদের আসন্ন ২০তম অধিবেশন সংক্ষিপ্ত হতে পারে। সাংবিধানিক বাধ্যবাধকতার জন্য এ সংক্ষিপ্ত অধিবেশন ডাকা হয়েছে।
সংবিধান অনুযায়ী এক অধিবেশন শেষ হওয়ার ৬০দিনের মধ্যে পরবর্তী অধিবেশন বসতে হবে।
সংসদ সচিবালয় থেকে জানানো হয় আসন্ন অধিবেশনের মেয়াদ ৫ থেকে ৭ দিন হতে পারে।
তবে আগামী ৮ এপ্রিল বিকালে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠেয় সংসদ কার্য-উপদেষ্টা কমিটির সভায় সংসদেও ২০তম অধিবেশনের মেয়াদ ও কার্যক্রম চূড়ান্ত করা হয়।
এদিকে গত ২৮ ফেব্রুয়ারি সংসদের ১৯তম ও ২০১৮ সালের প্রথম অধিবেশন শেষ হয়। গত ৭ জানুয়ারি শুরু হওয়া ওই অধিবেশন ছিল বছরের প্রথম অধিবেশন। সংসদের প্রথা ও সংবিধান অনুযায়ী অধিবেশনের প্রথম কার্যদিবসে রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ ভাষণ দেন। ভাষণে আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর সরকার ও বিরোধীদলের মোট ২৩৩ জন সংসদ সদস্য ৬৪ ঘণ্টা ৯ মিনিট আলোচনা করেন। আলোচনা শেষে গত ২৭ ফেব্রুয়ারি সর্বসম্মতভাবে ধন্যবাদ প্রস্তাব গ্রহণ করা হয়।
এছাড়া ১৯তম অধিবেশন মোট ৩৫ কার্যদিবস পর্যন্ত চলে। ওই অধিবেশনে ১৫টি সরকারি বিল পাস করা হয়। ৭১বিধিতে ২০৪টি নোটিশের মধ্যে ১৮টি গৃহীত ও ১১টির ওপর আলোচনা হয়। ৭১ (ক) বিধিতে ২ মিনিটের আলোচিত নোটিশের সংখ্যা ৩৭টি। ১৯তম অধিবেশনে প্রধানমন্ত্রীর উত্তর দানের জন্য ২১৩টি প্রশ্নের মধ্যে ৮৮টির তিনি উত্তর দেন। আর মন্ত্রীদের জন্য ৩ হাজার ২৫৮টি প্রশ্নের মধ্যে ২ হাজার ৬৯৫টির উত্তর দেয়া হয়।

