একাত্তর বাংলা রিপোর্ট :
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক অস্থিরতায় আগুনসন্ত্রাস, চোরাগোপ্তা হামলা, নাশকতা-নৈরাজ্য, সহিংস সন্ত্রাস ঘটানো হতে পারে এমন আশঙ্কা থেকে সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্কাবস্থায় মোতায়েন করে বিশেষ নিরাপত্তা ব্যাবস্থা গ্রহণসহ কঠোর অবস্থা গ্রহণ করেছে সরকার। নির্বাচনের তফসিল ঘোষণার আগে নির্বাচন ভবনে বিজিবি, পুলিশ, র্যাব, আনসার, গোয়েন্দা সংস্থার সদস্যদের সমন্বয়ে তিন স্তরের নিরাপত্তার আয়োজন করেছে পুলিশ সদর দপ্তর।
তফসিল ঘোষণার দিন আগারগাঁওয়ের নির্বাচন ভবনে গিয়ে দেখা গেছে, সকাল থেকেই বাংলাদেশ পর্যটন করপোরেশনের সামনের রাস্তা ছাড়া নির্বাচন ভবনের আশপাশের সব রাস্তা বন্ধ, অনাকাক্সিক্ষত ঘটনা রোধ করতে এপিসি, জলকামান নিয়ে অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী, র্যাবের কয়েকটি টিম টহল দিচ্ছে, টহল দিচ্ছে বিজিবিও।
নির্বাচন ভবনে পরিচয়পত্র ছাড়া কাউকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। গুরুত্বপূর্ণ স্থাপনার প্রবেশ পথে ব্যারিকেড স্থাপনা বসানোসহ নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে ইসির চারপাশের এলাকা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে সারাদেশে বিজিবি, পুলিশ, র্যাব, আনসার, গোয়েন্দা সংস্থাসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের সদস্যদের মোতায়েনসহ ড্রোন ক্যামেরা দিয়ে নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীকে। নির্বাচনের তফসিল ঘোষণার পর বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলো নির্বাচন বানচাল করতে রাজনৈতিক কর্মসূচির আড়ালে নাশকতা-নৈরাজ্য সৃষ্টি করে দেশের পরিস্থিতি অস্থিতিশীল তৈরি করতে যাতে না পারে এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা, নাশকতা ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
নির্বাচনের তফসিল ঘোষণার আগে সন্ধ্যা নামার আগেই রাজধানী ঢাকা অনেকটাই ফাকা হয়ে গেছে। সর্বত্র মানুষজনের উদ্বেগ, আতঙ্ক, উৎকণ্ঠার আলোচনা চলমান অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী চেকপোস্ট বসানো, তল্লাশি, টহল দেওয়াসহ আইনশৃঙ্খলা বাহিনী রণপ্রস্তুতির মতো অবস্থা নিয়ে মাঠে নামানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তর সূত্রে এ খবর জানা গেছে।
নির্বাচনের তফসিল ঘোষণার আগেই তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে নির্বাচন কমিশন অফিসে। নির্বাচন ভবনের নিরাপত্তায় বিজিবি, পুলিশ, র্যাব ও আনসার সদস্যদের নিয়োজিত করা হয়েছে। সেই সঙ্গে নির্বাচন ভবনের ভেতরেও দর্শনার্থীদের বিষয়ে কড়াকড়ি করা হয়েছে। বুধবার, ১৫ নভেম্বর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে গিয়ে দেখা গেছে, সকাল থেকেই বাংলাদেশ পর্যটন করপোরেশনের সামনের রাস্তা ছাড়া নির্বাচন ভবনের আশপাশের সব রাস্তা বন্ধ করে দেয় পুলিশ।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম নিশ্চিত করেছেন যে, বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলোর ডাকা অবরোধে নাশকতা এড়াতে সারাদেশে ১৮১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা ও আশপাশের জেলায় ৩৩ প্লাটুন এবং সারাদেশে ১৮১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এ ছাড়া পর্যাপ্ত সংখ্যক বিজিবি প্লাটুন স্ট্যান্ডবাই রয়েছে। অবরোধে জনসাধারণের জানমালের নিরাপত্তা, নাশকতা ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কাজ করবে বিজিবি।
বুধবার দুপুরে নির্বাচন ভবন ঘুরে গেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। তিনি সাংবাদিকদের বলেছেন, সিকিউরিটি যাতে নিশ্চিত হয় সে জন্য যা যা দরকার আমরা সব করব।
পুলিশ সদর দপ্তরের ডিআইজি (অপারেশনস) আনোয়ার হোসেন বলেছেন, তফসিল ঘোষণার সময় থেকে পুলিশের বিশেষ প্রস্তুতি রয়েছে। পুলিশের পক্ষ থেকে সারা দেশে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। যদি কেউ নাশকতার চেষ্টা চালায়, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

