কিশোরগঞ্জ প্রতিনিধি: নিকলীতে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে খোকন মিয়া (৪৫) নামে একজন নিহত ও আফজাল হোসেন (২০) নামে এক যুবক গুরুতর আহত হয়েছে। রোববার (২৬ মে) সন্ধ্যায় উপজেলার সিংপুর ইউনিয়নের ভাটি বরাটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে খোকন মিয়া ও তার চাচাতো ভাই তাহের উদ্দিনের ছেলে জসিম মিয়ার মধ্যে এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। রোববার ইফতারের আগে শিশুদের ফুটবল খেলায় বিরোধকে কেন্দ্র করে জসিমের লোকজন খোকনের ভাতিজা মারুফকে ধরে নিয়ে যায়। এ খবর পেয়ে খোকনসহ তার আত্মীয়রা তাহেরের বাড়িতে গেলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই খোকন মিয়া গুলিবিদ্ধ হয়ে মারা যান। আহত আফজাল হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিকলী থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন ভূঁইয়া জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে আটক করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতার মর্গে পাঠানো হয়েছে।
Date:

