কিশোরগঞ্জ প্রতিনিধি: র্যাব- ১৪ (সিপিসি- ২) বিশেষ অভিযান চালিয়ে নিম্ন-মানের ও বিএসটিআই’র অনুমতি ছাড়া সেমাই ও চানাচুর উৎপাদন বাজারে বিপণনের দায়ে দুই প্রতিষ্ঠানকে ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার র্যাব- ১৪ (সিপিসি- ২) উপ-পরিচালক লেফটেন্যান্ট এম. শোভন খান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এইচ.এম খোদাদাদ হোসেন মোবাইল কোর্ট পরিচালনা করেন।
তারা কিশোরগঞ্জ সদর উপজেলাধীন মারিয়া ইউনিয়নের বিসিক শিল্প নগরীতে স্থাপিত মালা চানাচুর ও ছামিয়া লাচ্চা সেমাই ফ্যাক্টরিতে অভিযান চালান।
উক্ত কোম্পানীর দুটি নিম্ন-মানের চানাচুর ও সেমাই উৎপাদন ও বিএসটিআই’র অনুমোদন ব্যতীত বাজারজাত করার অপরাধে সামিয়া লাচ্চা সেমাই উৎপাদনকারী প্রতিষ্ঠানের মালিক রফিকুল ইসলাম ২ লাখ টাকা ও মালা চানাচুর উৎপাদনকারী দেলোয়ার হোসেন মিল্কীকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং উৎপাদিত মালামাল বিনষ্ট করা হয়।

