চীফ রিপোর্টারঃ পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃধা মো. মনিরুজ্জামান ওরফে জামাল মেম্বারের বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে ফুঁসে উঠেছে স্থানীয় আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতারা।
জামাল মেম্বারের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে বৃহস্পতিবার (৯ মে) সকালে ইন্দুরকানি বাজারে আওয়ামী লীগ অফিসের সামনে মানববন্ধন করেন তারা। ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ এবং উপজেলার দরিদ্র শ্রেণির ভুক্তভোগীরা অংশ নেয়।
এ সময় বক্তারা বলেন, জামায়াত থেকে আওয়ামী লীগে যোগ দেওয়া জামাল মেম্বার আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে বিভিন্ন ধরনের অপকর্মের মাধ্যমে প্রচুর অর্থ হাতিয়ে নেয়। বিভিন্ন ব্যক্তিকে চাকরি দেওয়া, ভিজিবি’র কার্ড, বিধবা ভাতার কার্ড বিতরণ এবং বিভিন্ন ব্যক্তিকে সরকারি ঘর দেওয়ার নাম করে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষকে মামলা দিয়ে হয়রানির অভিযোগও করেন বক্তারা।
এ সময় তারা জামাল মেম্বরকে দল থেকে বহিষ্কারের দাবি জানান।

