একাত্তর বাংলাঃ নারায়ণগঞ্জ ক্ষমতাসীন দলের প্রভাবশালী এমপি শামীম ওসমানের অনুসারীদের সাথে আরেক প্রভাবশালী জেলা পুলিশ সুপার হারুন অর রশীদের সম্পর্ক ভালো যাচ্ছে না।
সাম্প্রতিক কিছু বিষয়কে কেন্দ্র করে নেতাকর্মীদের নিয়ে জরুরী সভা ডাকেন শামীম ওসমান। ওই সভায় নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
আ’লীগ নেতাকর্মীরা এসপি হারুন অর রশীদের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। স্লোগানে তারা পুলিশ সুপারের পদত্যাগ দাবি করেন।
গতকাল শনিবার বেলা ৩টায় ইসদাইরে অবস্থিত বাংলা ভবন কমিউনিটি সেন্টারে জেলা ও মহানগর আ’লীগের ব্যানারে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতেই শামীম ওসমান বক্তব্য প্রদান করতে গেলে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা যায়। এক পর্যায়ে তারা এসপি বিরুদ্ধে নানা স্লোগান দিতে থাকে।
এ সময় এসপির প্রত্যাহার চাই, নারায়ণগঞ্জকে গাজীপুর হতে দেবো না, খাগড়াছড়ি ট্রান্সফার বলে নানা স্লোগান দেয় উপস্থিত নেতাকর্মীরা।
সভায় শামীম ওসমান বলেন, আমি জানি তোমাদের ভেতরে এখন বিভিন্ন প্রশ্ন উত্থাপিত হয়েছে। আজকের এই ব্যানারে বক্তব্য হচ্ছে, আমরা সরকারি দল, আমরা আওয়ামী পরিবার। আমাদের পিতা-মাতার পরে আমাদের কাছে সবচেয়ে দামী হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তারপরেই আমাদের নেত্রী শেখ হাসিনা। তার কাছেই আমাদের সব চাওয়া এবং পাওয়া। আমি জানি, যারা তরুণ তাদের রক্ত টগবগ করছে।

