চীফ রিপোর্টারঃ ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ইকরামুল হক টিটু।
আজ ০৫.০৪.২০১৯ ইং শুক্রবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির এক সভায় মনোনয়নের বিষয়টি চূড়ান্ত করা হয়। আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
১৪ অক্টোবর ময়মনসিংহ পৌরসভা থেকে সিটি কর্পোরেশনের উন্নতি হওয়া গেজেট প্রকাশ হওয়ার পর, বিলুপ্ত হয় ইকরামুল হক টিটুর পৌরসভার মেয়র পদ।তবে এর ঠিক দুই দিনের মাথায় ১৬ অক্টোবর টিটুকেই ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়।
প্রায় আড়াইশ বছর পুরনো ঐতিহ্যবাহী ও প্রাচীনতম জেলা ময়মনসিংহ। বৃটিশ উপনিবেশিক শাষণামলে ১৮৬৯ সালে গঠন হয় ময়মনসিংহ পৌরসভা ।
এই পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করে গেজেট প্রকাশ করা হয়েছে গত ১৪ অক্টোবর। ময়মনসিংহ হচ্ছে দেশের ৮ম বিভাগ ও ১২তম সিটি কর্পোরেশন।
ময়মনসিংহ সদর উপজেলার ১৩টি ইউনিয়নের মধ্যে বয়ড়া ও আকুয়া ইউনিয়নের পুরোটা এবং খাগডহর, চর ঈশ্বরদিয়া, দাপুনিয়া, ভাবখালী, সিরতা ও চরনিলক্ষীয়া ইউনিয়নের আংশিক এলাকা নিয়ে গত বছর অক্টোবরে ময়মনসিংহ সিটি করপোরেশন গঠনের গেজেট প্রকাশ করে সরকার। এতে ২১ টি ওয়ার্ডকে উন্নীত করা হয় ৩৩ টিতে।
বাংলাদেশের দ্বাদশ এই সিটি করপোরেশনের আয়তন ৯১ দশমিক ৩১৫ বর্গকিলোমিটার, মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২ হাজার ১০৯ জন।
উল্লেখ্য, ময়মনসিংহ সিটি নির্বাচনে ভোট ৫ মে। ৮ এপ্রিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ১০ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং ১৭ এপ্রিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।
এদিকে, প্রার্থী বাছাই নিয়ে নেত্রীকে শুভেচ্ছা জানিয়ে ময়মনসিংহের জনপ্রিয় মেয়র প্রার্থী মহানগর শাখার সাধারণ সম্পাদক আওয়ামীলীগ নেতা মোহিত উর রহমান শান্ত তার ফেসবুক পেইজে লিখেছেন “ অভিনন্দন…. জয় হোক শেখ হাসিনার সকল পদক্ষেপের”।
সূত্রমতে, প্রথমবারের মত অনুষ্ঠিত হতে যাওয়া ময়মনসিংহের ভোট উৎসবে এবার বিএনপি অংশ নিবেনা বলে জানা যায়।
ময়মনসিংহের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলীমুজ্জামানকে এ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা এবং ১১ জন জেলা নির্বাচন কর্মকর্তাকে সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব দেয়া হয়েছে।

