চীফ রিপোর্টারঃ সবাই মিলে ভাবো, নতুন কিছু করো, নারী-পুরুষ সমতার নতুন বিশ্ব গড়বো এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। আমাদের প্রতিনিধিদের পাঠানো রিপোর্টে ডেস্ক রিপোর্ট।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ময়মনসিংহ জেলা পরিষদ থেকে এক র্যালী নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়।
এরপর জেলা পরিষদ মিলনায়তনের দুইতলা তে ২ দিন ব্যাপী নারী উন্নয়ন মেলা শুরু হয়।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সাতক্ষীরার কালিগঞ্জে র্যালি ও আলোচনা সভা হয়েছে। শুক্রবার (৮ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন।
এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, নবযাত্রা প্রকল্পের এমসিএইসএন অফিসার লিনা হেলেনা গোমেজসহ আরও অনেকে।
নানা আয়োজনে রংপুরে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে টাউন হলের সামনে এসে ২ দিনব্যাপী নারী মেলার উদ্বোধন করা হয়। মেলা উদ্বোধন করেন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রুহুল আমিন মিয়া।
এ সময় মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক কাওসার পারভীনসহ সরকারি বেসরকারি নারী সংগঠনের নেত্রীরা উপস্থিত ছিলেন। মেলায় ২০টি স্টলে নারী উদ্যোক্তাদের বিভিন্ন পণ্য ও নারী অধিকার বিষয়ক তথ্যাদি প্রদর্শিত হচ্ছে।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ঝিনাইদহে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশের আয়োজনে শুক্রবার (৮ মার্চ) সকালে সদর থানার চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে সদর থানা চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস, সদর থানার ওসি মিজানুর রহমান খানসহ আরও অনেকে।
সবাই মিলে ভাবো, নারী পুরুষ সমতার। নতুন কিছু করো, নতুন বিশ্ব গড়ো। এই শ্লোগানকে সামনে রেখে দিনাজপুরের বিরলে শুক্রবার (৮ মার্চ) সকালে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও নারী উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়।
উপজেলা পরিষদের হল রুমে, মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুণা পারভীনের সভাপতিত্বে এবং পল্লী শ্রী’র ফারহানা সিদ্দিকী’র সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার এবিএম রওশন কবীর।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিরল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক শামু, বিরল ওয়ার্ল্ড ভিশনের ম্যানেজার সুজিত কস্তা, প্রোগ্রাম অফিসার তিথী সিংসহ আরও অনেকে।
চাঁপাইনবাবগঞ্জ পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। এ উপলক্ষে র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে গিয়ে শেষ হয়।
পরে বেসরকারি সংস্থা আরএসডিএফ ফাউন্ডেশন ও মা-শিশু কল্যাণ কেন্দ্রের সহযোগিতায় ২ দিনব্যাপী নারী উন্নয়ন মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবেন্দ্র নাথ উরাও, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাসরুবা ফেরদোস, মহিলা বিষয়ক কর্মকর্তা সাহিদা আকতারসহ আরও অনেকে।
রাঙামাটি পার্বত্য জেলায় আর্ন্তজাতিক নারী দিবস পালিত হয়েছে। শুক্রবার (৮ মার্চ) সকালে জেলা প্রশাসনের কার্যালয় সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ করা হয়।
শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক এসএম শফি কামাল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ও ভিকটিম সাপোর্ট সেন্টারের সচিব মো. জাহাঙ্গীর আলম, রাঙামাটি মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক হোসনে আরা বেগম ও ভিকটিম সেন্টারের দায়িত্ব প্রাপ্ত অফিসার এসআই ফেরদৌসী বেগমসহ আরও অনেকে।
ভোলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসন ও জেলা মহিলা অধিদপ্তরের আয়োজনে র্যালি, নারী উন্নয়ন মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮মার্চ) বিকালে একটি র্যালি জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা অফিসার্স ক্লাব প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সেখানে নারী উন্নয়ন মেলার উদ্বোধন ও স্টল পরিদর্শন করেন জেলা প্রশাসক মাসুদ আলম ছিদ্দিক।

