একাত্তর বাংলাঃ পুরান ঢাকার দাহ্য রাসায়নিকের মজুত সরাতে টাক্সফোর্সের অভিযান চলবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। ব্যবসায়ীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ না করতে টাস্কফোর্স ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।
বুধবার (৬ মার্চ) সকালে করপোরেশন মিলনায়তনে পুরান ঢাকার ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় শেষে এ তথ্য জানানো হয়।
রাজধানীর চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডের পর পুরান ঢাকার রাসায়নিক কারখানা ও গুদাম সরাতে ২৮ ফেব্রুয়ারি থেকে ১০ সংস্থার সমন্বয়ে গঠিত টাক্সফোর্স অভিযান শুরু করে। ২৯টি দাহ্য রাসায়নিকের কারখানা আবাসিক এলাকা থেকে সরিয়ে ফেলার নির্দেশ দেয়া হয়। তা না করলে গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করে রাসায়নিক জব্দ করেছে টাক্সফোর্স।
ব্যবসায়ীদের অভিযোগ দাহ্য রাসায়নিক নেই এমন কারখানাগুলোয়ও অভিযান চালাচ্ছে দক্ষিণ সিটি করপোরেশন। এ সময় ব্যবসা সরাতে ৬ মাস সময় চান তারা।
এছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ব্যবসায়ীদের সাথে অসদাচরণ করছেন বলেও অভিযোগ করেন ব্যবসায়ীরা।
টাক্সফোর্সের অভিযান মাসব্যাপী অব্যাহত রাখার ঘোষণা দিয়ে আবাসিক এলাকায় বাণিজ্য চলতে পারবে না বলে সাফ জানিয়ে দেন দক্ষিণের মেয়র।
সাঈদ খোকনে বলেন, বিস্ফোরক অধিদপ্তর রয়েছে, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স রয়েছে। এই চলমান প্রক্রিয়ার মাধ্যমে আপনারাও থাকবেন। যদি কোথায় কোনো অতি ঝুঁকিপূর্ণ অগ্নিকান্ডে সহায়ক এমন কেমিক্যাল টাস্কফোর্স নিশ্চিত হন তাহলে তাকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। এ ব্যাপারে ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করছি।
এ সময় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্ট সালমান এফ রহমান জানান, নতুন স্থানে রাসায়নিকের কারখানা সরাতে এক সপ্তাহের মধ্যেই রোডম্যাপ তৈরি করা হবে। তিনি বলেন, রাসায়নিক কারখানা দ্রুত সরাতে আমরা যদি একটি রোডম্যাপের মাধ্যমে ঠিক করে নিতে পারি, তাহলে সমস্যা অনেকাংশে কমে যায়।
চুড়িহাট্টা ও নিমতলীর ঘটনার পুনরাবৃত্তি রোধে ব্যবসায়ীদের আন্তরিক হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রীর উপদ্ষ্টো।

