একাত্তর বাংলাঃ ট্রেনের টিকিটে যাত্রীর নাম বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন।
শুক্রবার (০১ মার্চ) বিকেলে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে নূরুল ইসলাম সুজন বলেন, ‘নিরাপদ বাহন’ বাংলাদেশ রেলওয়েতে ভ্রমণে ট্রেনযাত্রীরা যেন আর হয়রানির শিকার না হয় সে জন্য ট্রেনের টিকেটে যাত্রীর নাম দ্রুত সময়ের মধ্যে বাধ্যতামূলক করা হবে।’
তিনি আরও বলেন, ‘২০২০ সালের মধ্যে আখাউড়া-লাকসাম ডুয়েলগেজ রেলপথ নির্মাণ কাজ শেষ হবে। এতে করে ট্রেনের ক্রসিং সংখ্যা কমবে। যাত্রীসেবার মান বাড়বে। এছাড়া আগামী জুন মাসে বিদেশ থেকে ২০০ কোচ আনা হবে। চাহিদা অনুযায়ী এ বছরের শেষ নাগাদ এসব কোচ ট্রেনের সঙ্গে যুক্ত করা হবে।’
নূরুল ইসলাম সুজন বলেন, ‘১৯৬৫ সালের আগে ভারতের সঙ্গে যে আটটি রেলপথ ছিল, সেগুলো চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে।’

