একাত্তর বাংলাঃ প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন, ভোট কেন্দ্রে ভোটারের উপস্থিতি কম হওয়ার দায় নির্বাচন কমিশনের নয়। এই দায় রাজনৈতিক দলগুলোর। বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপ-নির্বাচনে উত্তরার একটি কেন্দ্রে ভোট দিয়ে এ কথা বলেন তিনি। সব রাজনৈতিক দল এই নির্বাচনে অংশ না নেয়ায় ভোটার উপস্থিতি কম হতে পারে বলে মন্তব্য করেন সিইসি।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘নির্বাচন তো স্বল্প সময়ের জন্য। মাত্র এক বছরের মধ্যে আবার নতুন নির্বাচন হবে। সেজন্য হয়ত আগ্রহ কম থাকতে পারে ভোটারদের মধ্যে। এছাড়া, আরো একটি কারণ হতে পারে সেটা হল, সব রাজনৈতিক দল অংশগ্রহণ না করা। আমরা তো পরিবেশ করে দেই, ভোটার তো আমরা বাড়ি বাড়ি গিয়ে আনতে পারবো না। এটা প্রার্থীদের দায়িত্ব।’
তিনি আরো বলেন, ‘আমরা বলতে পারি, নির্বাচনের পরিবেশ সুষ্ঠু আছে। সবাই নিরাপদে ভোট দিতে পারবেন সেই পরিবেশ সৃষ্টি করার ব্যবস্থা করতে পারি।’

