একাত্তর বাংলাঃ ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপ-নির্বাচনের ভোট গ্রহণ চলছে। বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল আটটায় শুরু হওয়া ভোট গ্রহণ একটানা চলবে বিকেল চারটা পর্যন্ত। তবে সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে তেমনটা উত্তাপ নেই ভোটের মাঠে।
মোট ভোটার সংখ্যা ৩০ লাখ ৩৫ হাজার ৬২১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৫ লাখ ৬৩ হাজার ৫৩০ আর মহিলা ভোটার ১৪ ণাখ ৭২ হাজার ৯১ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ১ হাজার ২’শ ৯৫টি। একইসঙ্গে সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে দুই সিটিতে নতুন যুক্ত হওয়া ৩৬টি ওয়ার্ডে।
সকাল নয়টার দিকে রাজধানীর উত্তরার নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল ও কলেজ কেন্দ্রে ভোট দেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। এসময় ভোটে বিজয়ী হয়ে সুন্দর ঢাকা গড়ার প্রতিশ্রুতি দেন তিনি।
এদিকে, সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন করার জন্য নির্বাচনের মাঠে মোতায়েন রয়েছে র্যাব, বিজিবি, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

