একাত্তর বাংলাঃ বরিশালে গুলিতে একজন নিহত হয়েছে। পুলিশের দাবি, বন্দুকযুদ্ধে নিহত ব্যক্তি ডাকাত দলের সদস্যা।
সোমবার (২৫ ফেব্রুয়ারি) মেহেন্দিগঞ্জ উপজেলার কাদিরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সোমবার রাত ৮টার দিকে মুলাদি উপজেলা সেতু এলাকা থেকে একাধিক মামলার আসামি মামুনকে গ্রেফতার করা হয়। পরে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে নামে পুলিশ। তাদের লক্ষ্য করে গুলি চালায় মামুনের সহযোগীরা। পুলিশও পাল্টা গুলি করে। একপর্যায়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হয় মামুন।
ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় একটি ওয়ান শ্যুটারগান ও একটি পাইপগানসহ বেশকিছু গুলি।
নিহত মামুনের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি ও ধর্ষণসহ ১৯টি মামলা রয়েছে। তার বাড়ি হিজলা উপজেলার গোবিন্দপুর এলাকায়।

