একাত্তর বাংলাঃ পুলওয়ামা হামলার পর বরাবরের মতো আবারো আলোচনার মাধ্যমে কাশ্মীর সমস্যার সমাধানের জন্য ভারতের প্রতি আহ্বান জানান পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খান। হামলার পাঁচদিন পর বৃহস্পতিবার ইমরান ভারতীয়দের অভিযোগের জবাব দিতে গিয়ে প্রচ্ছন্ন হুমকির পাশাপাশি আলোচনার ওপর জোর দেন তিনি। তবে ইমরান খানের ওই বক্তব্য নিয়ে কটাক্ষ করলেন বলিউডের চিত্রপরিচালক রামগোপাল ভার্মা।
একাধিক টুইট করে পাক প্রধানমন্ত্রীকে আক্রমণ করেন রামগোপাল। তার কথায়, কথা বললেই যদি সমস্যার সমাধান হত, তাহলে ইমরান খান নিজে তিনটি বিয়ে করতেন না।
টুইটারে রামগোপাল লেখেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী ইমরান খান, আপনি বলছেন কথা বললেই সব সমস্যার সমাধান সম্ভব। সেটা হলে আপনি নিজে তিনটে বিয়ে কেন করলেন?’
পরের টুইটে রামগোপাল লেখেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী ইমরান খান, আমরা ভারতীয়রা জানিনা কোনো ব্যক্তি আমাদের দিকে বিস্ফোরক নিয়ে ধেয়ে এলে আমরা কীভাবে তার সঙ্গে আলোচনা করব? আপনি আমাদের শিখিয়ে দিন। চিন্তা করবেন না, শিখিয়ে দেওয়ার জন্য আমরা আপনাকে উপযুক্ত পারিশ্রমিক দেব।’

