একাত্তর বাংলাঃ দেশের বিভিন্ন স্থানে শিলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে। রংপুর, রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।
এদিকে শনিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রী সেলসিয়াস হ্রাস পেতে পারে।
আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, ‘রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং চট্টগ্রাম ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সাথে রংপুর, রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।’
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেট বিভাগের শ্রীমঙ্গলে ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রাম বিভাগের সীতাকুণ্ডে ৩৩ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস।
আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ উপ-হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
পরবর্তী ৭২ ঘণ্টা বা ৩ দিনে রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পেতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৫৪ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৩১ মিনিটে।

