একাত্তর বাংলাঃ মুজিবনগরকে স্বাধীনতার তীর্থ ভূমি হিসেবে গড়ে তুলতে সরকার ৫০০ কোটির পরিবর্তে এক হাজার কোটি টাকার বরাদ্দ দিয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বুধবার সকালে মেহেরপুরের মুজিবনগর কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
তিনি বলেন, এক হাজার কোটি টাকার বরাদ্দ দিতে নির্দেশ দেয়া হয়েছে। এটা আমাদের জন্য গর্বের বিষয়, আন্তর্জাতিক মানের একটি স্থাপনা নির্মাণ আমাদের উদ্দেশ্য।
এ সময় তিনি আরও বলেন, দর্শনার্থীরা এখানে এসে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারে। এছাড়া বিদেশি পর্যটক এসে যাতে করে মুজিবনগরের আম্রকাননের অপার সৌন্দর্য উপভোগ করতে পারেন সেই লক্ষে সব ধরনের অবকাঠামো নির্মাণ করা হবে।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, জেলা প্রশাসক আতাউল গনি, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এ সময় কমপ্লেক্সটি আধুনিকায়ন ও দেশি-বিদেশি পর্যটকদের বিভিন্ন ধরনের সুবিধা নিশ্চিত করার পরিকল্পনা প্রণয়নে পর্যটন মোটেলে বৈঠক করেন।

