একাত্তর বাংলাঃ মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনী মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
সোমবার (১১ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে সংগঠনটি জানায়, রাখাইনের বিভিন্ন গ্রামে মর্টার শেল নিক্ষেপ করা হচ্ছে, বেসামরিক নাগরিকদের আটক এবং খাবার সরবরাহ আটকে দিচ্ছে দেশটির সেনাবাহিনী।
একইসঙ্গে ঘরবাড়ি থেকে মূল্যবান সামগ্রী লুট করে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে তারা। রাখাইনভিত্তিক সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির বিরুদ্ধে অভিযান শুরুর পর থেকেই এসব তৎপরতা চালানো হচ্ছে বলে বিবৃতিতে বলা হয়। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ক্রাইসিস রেসপন্স বিভাগের পরিচালক তিরানা হাসান বলেন, যে কোন পরিস্থিতিতে বাড়িঘরে গোলাবর্ষণ ও খাদ্য সরবরাহ আটকে রাখা অযৌক্তিক।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক নিন্দার পরও তারা নির্লজ্জভাবে গুরুতর নির্যাতন চালিয়ে যাচ্ছে। এছাড়া সেনাবাহিনীর যে ডিভিশনগুলো ২০১৭ সালের আগস্ট ও সেপ্টেম্বরে রোহিঙ্গাদের বিরুদ্ধে নৃশংসতায় জড়িত ছিল তাদেরকেই রাখাইন রাজ্যে মোতায়েন করা হয়েছে বলেও জানায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

