একাত্তর বাংলাঃ একতরফা নির্বাচনের লক্ষ্যেই বেগম জিয়াকে জামিন দেয়া হচ্ছেনা বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
সরকারের নিজস্ব প্রতিষ্ঠান হিসেবে তাদের এজেন্ডা বাস্তবায়নে দুর্নীতি দমন কমিশন কাজ করছে বলেও অভিযোগ করেন রিজভী।
দুদকের সমালোচনা করে রিজভী বলেন, ‘দুদক হচ্ছে রাতকানা বাদুরের মত। দুদক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজস্ব প্রতিষ্ঠান। আর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও বিএনপির পেছনে পড়ে থাকতেই যেন দুদককে দায়িত্ব দেওয়া হয়েছে। সাজা প্রাপ্ত মন্ত্রীরা বসে রাজত্ব করে তা চোখে পড়ে না দুদকের। লুট হচ্ছে দেশের রাজস্ব তা চোখেও পড়ে না।’
রিজভী বলেন, ‘একতরফা নির্বাচন করতেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে রেখে সরকার চাপ প্রয়োগ করছে। চাপ প্রয়োগ করে কোনো লাভ হবে না। জনগণ বিশ্বাস করে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হয়েছে। তার নামে দায়ের করা মামলা রাজনৈতিক, তাকে মিথ্যে মামলার রায়ে কারাগারে পাঠানো রাজনৈতিক, তার জামিন বিলম্ব রাজনৈতিক, এমনকি জামিন স্থগিতও রাজনৈতিক।’
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন প্রমুখ।

