একাত্তর বাংলাঃ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় গৃহবধূকে গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে নির্মম নির্যাতনের অভিযোগ ওঠেছে স্বামী ও তার স্বজনদের বিরুদ্ধে।
প্রতিবেশী ও পুলিশ সূত্রে জানা যায়, গৃহবধূ মাহফুজা খাতুন শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নের দক্ষিণ হাজিপুর গ্রামের আব্দুল গফফারের মেয়ে।
২০০৪ সালে আব্দুল গফফারের কালীগঞ্জের উপজেলার আড়ংগাছা গ্রামের অহিদুল্লাহ গাজীর সঙ্গে বিয়ে দেন। এর কিছুদিন পর থেকেই অহিদুল্লাহ গাজী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ উঠে।
গেল শনিবার গৃহবধূ মাহফুজা খাতুনকে গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে লাঠি ও সাবল দিয়ে পিটিয়ে আহত করে তারা। এরপরেই মৃত ভেবে ফেলে রেখে পালিয়ে যায় তারা।
এদিকে গৃহবধূকে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত অহিদুল্লাহ গাজীসহ তার পরিবারের সাত জনকে আসামি থানায় মামলা করে গৃহবধুর ভাই। পরে গৃহবধূর ননদ ও ভাশুরের স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গৃহবধুকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এছাড়া দুই জনকে গ্রেফতার করেছেন তারা।
এদিকে নির্মম এই নির্যাতনের ঘটনায় অভিযুক্তদের উপযুক্ত শাস্তি দাবি করেছে গৃহবধূর পরিবার ও এলাকাবাসী।

