একাত্তর বাংলাঃ একাত্তরের আজকের দিনে ঢাকার জয়দেবপুরে সেনাবাহিনীর সঙ্গে জনগণের বড় রকমের সংঘর্ষ হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই ঘটনায় তীব্র নিন্দা জানান। এদিন, প্রেসিডেন্ট ভবনে বঙ্গবন্ধু-ইয়াহিয়া রুদ্ধদ্বার বৈঠক হয়।
১৯ মার্চ, ১৯৭১।
অন্যদিনের মত আজকেও সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকে। ঢাকার জয়দেবপুরে, সেনাবাহিনীর সাথে জনগণের সংঘর্ষ হয়।
সেনাবাহিনী সান্ধ্য আইন জারি করে জয়দেবপুর থেকে বহু মানুষকে ধরে নিয়ে যায়, যার আর ফিরে আসেনি। এই ঘটনায় টঙ্গী শিল্প এলাকা এবং ঢাকায় প্রবল প্রতিরোধ গড়ে তোলে আন্দোলনকারীরা।
জয়দেবপুরের ঘটনায় আওয়ামী লীগ প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেন, বাংলার মানুষ সমস্যার সমাধান চায়। এর অর্থ এই নয় যে, তারা শক্তি প্রয়োগে ভয় পায়।
জনগণ যখন রক্ত দিতে তৈরি, তখন তাদের দমন করতে পারে এমন শক্তি দুনিয়ার নেই। এদিন বঙ্গবন্ধুর সাথে প্রেসিডেন্ট ইয়াহিয়ার দেড় ঘন্টার রুদ্ধদ্বার বৈঠক হয়।
আন্দোলনকারীরা বিচ্ছিন্নভাবে মিছিল নিয়ে শেখ মুজিবুর রহমানের বাসায় যায়। শেখ মুজিব তাদের বলেন, শেষ রক্ত বিন্দু দিয়ে আমরা আমাদের ভবিষ্যত বংশধরদের জন্য স্বাধীন নাগরিক হিসেবে বাঁচার ব্যবস্থা করে যাবো।

