কিশোরগঞ্জে ৯ জনের যাবজ্জীবন কারাদন্ড
কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে চাঞ্চল্যকর হারিছ মিয়া হত্যা মামলায় ২১ বছর পর ৯ জনকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছেন। গতকাল মঙ্গলবার সকালে কিশোরগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাঃ আবু তাহের জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন।
১৯৯৬ সনের ২৪ অক্টোবর কুলিয়ারচর থানার গোবরিয়া আব্দুল্লাপুর গ্রামে গাছ কাটাকে কেন্দ্র করে ঝগড়ার জের হিসেবে হারিছ মিয়াকে আসামীরা হত্যা করে। এ ব্যাপারে কুলিয়ারচর থানায় ১২ জনকে আসামী করে মামলা দায়ের করে। পুলিশ তদন্ত শেষে চার্জশীট দেয়। দীর্ঘ শুনানী শেষে আসামী মোস্তফা, আবু বক্কর ছিদ্দিক, ওয়াহাব, আওয়াল, মহরম আলী, মতি মিয়া, রুস্তম, খলিল ও আবু ছিদ্দিককে যাবজ্জীবন কারাদন্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ের ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দেন। আসামী ইব্রাহিমকে অত্র মামলা থেকে খালাস প্রদান করেন ও বাকী দুইজন মামলা চলাকালীন সময় মৃত্যুবরণ করেন।
মামলাটির রাষ্ট্র পক্ষে ছিলেন এপিপি দিলীপ কুমার ঘোষ ও আসামী পক্ষে ছিলেন এ্যাড. ইদ্রিছ মিয়া।

