একাত্তর বাংলাঃ আগামীকাল (শুক্রবার) বাংলাদেশ ও মিয়ানমারের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে বিতাড়িত রোহিঙ্গাদের নাগরিকত্বসহ নিরাপদে মিয়ানমারে ফিরিয়ে নেয়ার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বুধবার দুপুরে নিজ মন্ত্রণালয়ে একথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, দুই দেশের সীমান্ত দিয়ে মাদক চোরাচালানের বিষয়টিও আলোচনায় স্থান পাবে।
এসময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘আগামীকাল দুপুর ৩টায় তাদের সঙ্গে আমাদের মিটিং রয়েছে। আমরা তাদের সঙ্গে ১০ দফা নিয়ে চুক্তি করেছিলাম। দশ দফা ভিত্তিক আমরা এজেন্ডা নির্ধারণ করেছি। সে এজেন্ডা ভিত্তিক আমরা কথা বলবো।’
তিনি আরো বলেন, ‘মায়ানমার থেকে যারা বিতাড়িত হয়েছে তারা মায়ানমারের অধিবাসী। তারা কিভাবে নিরাপত্তার সঙ্গে সে দেশে ফিরতে পারেন সে বিষয়ে প্রাধান্য পাবে।’
সীমান্ত বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সীমান্তে যে আমাদের দু’পক্ষের বর্ডার লিয়াজু অফিস, বর্ডার কিলিং নিয়ে আলাপ আলোচনা হয়েছিলো, তার অগ্রগতি নিয়ে কথা বলবো।’
তিনি বলেন, ‘বহুল আলোচিত বিষয় মিয়ানমার থেকে যে মাদক আসছে, সেটা নিয়ে আলাপ হবে। এই বিষয়টাও আমরা মিয়ানমার বসে আলাপ আলোচনা করেছিলাম।’
এছাড়া তিনি আরো বলেন, ‘এর আগে আমরা তাদের সঙ্গে যে আলাপ আলোচনা করেছিলাম, তাদের সঙ্গে আমাদের একটা সমঝতা স্মারকলিপি সাক্ষর করেছিলাম, সেগুলোর অগ্রগতি নিয়ে কথা বলবো।

