সহায়ক সরকারের চিন্তা বাদ দিয়ে বিএনপিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নির্বাচনের প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। রোববার সকালে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি।
খাদ্যমন্ত্রী বলেন, ‘নির্বাচনের আয়োজন করবে নির্বাচন কমিশন। শেখ হাসিনা সংবিধান সম্মতভাবে নির্বাচনকালীন সরকারের নেতৃত্ব দেবেন। কোন রকম নিরপেক্ষ সরকার, তত্ত্বাবধায়ক সরকার কিংবা সহায়ক সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত করার স্বপ্ন যারা দেখেন, তাদের স্বপ্ন-স্বপ্নই থেকে যাবে। সেই স্বপ্ন কোন অবস্থাতেই পূরণ হবে না।’
বিএনপি নেতাদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘নির্বাচন খালেদা জিয়াবিহীন হোক, খালেদাকে সাথে নিয়ে হোক, সেটা ভবিষ্যৎ বলে দেবে। দলকে রক্ষা করতে এবং অন্তি সময় থেকে যদি ফিরে আসতে চান, তাহলে নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করুন।’
খাদ্যমন্ত্রী আরও বলেন, ‘ফেরারি আসামি তারেক রহমান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর আপনাদের দলের মধেই কানা-ঘুষা শুরু হয়েছে। যে দিন গঠনতন্ত্র সংশোধন করেছেন সেদিনই আপনাদের দলে ভাঙনের সুর আমরা শুনতে পেয়েছি।’

