একাত্তর বাংলাঃ রাশিয়ার মস্কো থেকে উড্ডয়নের পর ৭১ আরোহী নিয়ে একটি রুশ বিমান বিধ্বস্ত হয়েছে। এতে, আরোহীদের সবাই নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
রোববার মস্কোর বাইরে রামেনস্কি অঞ্চলে সারাতভ এয়ারলাইন্সের ‘এএন ওয়ান ফোর্টি এইট’ বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে রুশ গণমাধ্যম আরটি। বিমানটি ৬৫ যাত্রী এবং ছয় ক্রু নিয়ে মস্কো থেকে কাজাখস্তান সীমান্তবর্তী ওরস্ক শহরে যাচ্ছিল বলে জানা গেছে। উড্ডয়নের পরপরই বিমানটির সঙ্গে কন্ট্রোল টাওয়ারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
এদিকে, দুর্ঘটনার পরপরই বিমানটির ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়েছে এবং এরইমধ্যে সেখানে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। এছাড়াও দুর্ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন রুশ যোগাযোগমন্ত্রী মাকসিম সোকোলভ।

