একাত্তর বাংলাঃ ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট (আইএফএডি) এর পরিচালনা পর্ষদের বার্ষিক সম্মেলনে যোগ দিতে চার দিনের সরকারি সফরে রোববার ইতালির রোমের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮৩ ফ্লাইটে সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়বেন তিনি।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা যায়, দুবাইয়ে যাত্রা বিরতি দিয়ে ইকে-০৯৫ ফ্লাইটে স্থানীয় সময় সন্ধ্যা পৌনে ৭টার দিকে রোমের ফুইমিসিনো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন তিনি। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান শিকদার, ইতালি সরকারের প্রতিনিধি, আইএফএডির সিনিয়র কর্মকর্তারা।
বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী সফরকালীন আবাসস্থল পার্ক দ্য প্রিনসিপি গ্র্যান্ড হোটেলে এ যাবেন।
সোমবার সকালে প্রধানমন্ত্রী সরকারি সফরে ভ্যাটিকান সিটিতে যাবেন। সেখানে পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।
রাতে সফরকালীন আবাসস্থলে বাংলাদেশ দূতাবাস আয়োজিত নৈশভোজে যোগ দেবেন প্রধানমন্ত্রী।
মঙ্গলবার সকালে আইএফএডির গভর্নিং কাউন্সিলের ৪১তম সভায় যোগ দেবেন তিনি। রাতে তিনি হোটেলে বাংলাদেশি কমিউনিটি আয়োজিত সভায় যোগ দেবেন।
বুধবার প্রধানমন্ত্রী দেশের উদ্দেশ্যে ইতালি ছাড়বেন। বৃহস্পতিবার সকালে তার ঢাকায় পৌঁছানোর কথা।

