একাত্তর বাংলা রিপোর্টঃ নব্বইয়ে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ শেখ মোঃ ফিরোজ ও শহীদ মোঃ জাহাঙ্গীর আলম এর মৃত্যু দিবসে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছে মহানগর ছাত্রদল।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে ময়মনসিংহ নগরীর মহাখালী স্কুলের সামনে শহীদ বেদীতে এই শ্রদ্ধা নিবেদন করা হয়।
এতে উপস্থিত ছিলেন বিএনপি ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জননেতা আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। এ সময় মহানগর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, নব্বইয়ের স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের শহীদ শেখ মোঃ ফিরোজ ও শহীদ মোঃ জাহাঙ্গীর আলম আমরা তোমাদের ভুলি নাই। তারা যে মহান উদ্দেশ্যে তাদের প্রাণ উজার করেছে, তা বাস্তবায়িত না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরবো না।
প্রসঙ্গত, স্বৈরাচার বিরোধী আন্দোলনে ১৯৯০ এর ২৮ নভেম্বর বুধবার সকাল ৯:৪৫ মিনিটে ময়মনসিংহ শহরের মহাখালী স্কুলের সামনে সর্বদলীয় ছাত্র ঐক্যের মিছিলে বিনা উস্কানীতে পুলিশ সামনে থেকে সরাসরি গুলি করে। এতে মাথায় ও বুকে গুলিবিদ্ধ হয়ে মিছিলে থাকা দুই জন ছাত্রনেতা শেখ মোঃ ফিরোজ ও মোঃ জাহাঙ্গীর আলম ঘটনাস্থলে নিহত হয়।

