দেশীয় চলচ্চিত্রের সফল তিন তারকা শাকিব খান, অপু বিশ্বাস ও শবনম বুবলী। এক সঙ্গে কাজ করতে গিয়ে শুরুতে অপু বিশ্বাসের সঙ্গে প্রেম ও গোপনে বিয়ে করেন শাকিব খান। আব্রাম খান জয় নামের একটি সন্তানও আছে। অপুর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর একই কায়দায চিত্রনায়িকা শবনম বুবলীকে গোপনে বিয়ে করেন ঢালিউডের শীর্ষ তারকা শাকিব। এই দম্পতির মধ্যেও বিচ্ছেদ চূড়ান্ত হয়। যদিও বুবলী এখনো দাবি করে যাচ্ছেন শাকিবের সঙ্গে তার বিচ্ছেদ হয়নি, এখনো তিনি শাকিবের বৈধ স্ত্রী। বীর নামের একটি সন্তানও রয়েছে তাদের।
কিন্তু সাবেক এই দুই স্ত্রীকে নিয়ে শাকিব খান গণমাধ্যমের কাছে বরাবরই বলে আসছেন, অপু এবং বুবলী- দুজনই এখন তার অতীত। এমনকি বুবলী কোনো অনুষ্ঠানে যাবে কিংবা থাকলে সেই অনুষ্ঠানে হাজির হন না শাকিব। কোনো কোনো বড় অনুষ্ঠানের ক্ষেত্রে শাকিব খানকে নিমন্ত্রণ জানালে, এই নায়ক আয়োজকদের বলে দেন, ‘যদি বুবলী থাকে তাহলে আমি সেখানে যাব না’। শাকিবের উপস্থিতি বেশি জরুরি ভেবে একপর্যায়ে আয়োজকরা বুবলীকে অনুষ্ঠানে নিমন্ত্রণ করা হয় না। তবে দুই সন্তান জয় এবং বীরের স্বার্থে মাঝেমধ্যে দেখা হয় শাকিবের সঙ্গে অপু-বুবলীর।
এদিকে শাকিবের কাছে অতীত দুই সাবেক স্ত্রী অপু ও বুবলীর মধ্যকার বাগযুদ্ধ যেন থামছেই না। বেশ কয়েক বছর ধরে চলা দুই সতীনের এই কথার লড়াই ক্রমশ তীব্র হচ্ছে। কখনো তারা কোনো অনুষ্ঠানে, টিভি সাক্ষাৎকারে কিংবা গণমাধ্যমের কাছেও একে অন্যের বিরুদ্ধে নানা রকম মন্তব্য করেন। শুধু তাই নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমেও পরস্পরের বিরুদ্ধাচারণ করেন।
তারই ধারাবাহিকতায় এবার সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে শাকিব খানের ব্যক্তিগত জীবন নিয়ে নানা কথা বলেন বুবলী। এসব বিষয় নিয়ে বুবলীর গণমাধ্যমে দেওয়া বক্তব্য প্রসঙ্গে বলতে গিয়ে হেসে দেন অপু বিশ্বাস। হাসতে হাসতে তিনি বলেন, ‘শাকিবকে নিয়ে তার এত এত মন্তব্যে আমি ভাষা হারাচ্ছি, আবেগাপ্লুত হচ্ছি। আমি কী বলব, বুঝতে পারছি না।’
বেশ কিছু দিন ধরেই শাকিবের ব্যক্তিগত বিষয় সম্পর্কে মন্তব্য করা, নিজের প্রচারের নতুন কৌশল হতে পারে বলে মনে করছেন অপু বিশ্বাস। তিনি বলেন, ‘এই যে উনি শাকিবের একের পর এক হাঁড়ির খবর দিচ্ছেন, কিন্তু আমি কোনো হাঁড়ি খুঁজে পাচ্ছি না। কিন্তু মজার মজার খবর পাচ্ছি তার মুখ থেকে। এ ব্যাপারে আর কি-ই বা বলব। ওনার মনে হয় ডাক্তার দেখানো উচিত।’

