জামালপুরে অটোরিকশাচাপায় শিশুর মৃত্যু
শাকিল হাসান জামালপুর জেলা প্রতিনিধিঃ
জামালপুরের মেলান্দহে অটোরিকশাচাপায় আয়াত (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নয়ানগর ইউনিয়নের মালঞ্চ বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আয়াত উপজেলার নয়ানগর ইউনিয়নের মালঞ্চ দক্ষিণ পাড়া গ্রামের আমির হামজার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মেলান্দহ থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি অটোরিকশা জামালপুরের দিকে যাচ্ছিল। আয়াত তার বাবার সাথে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে আয়াত চাপা পড়ে। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু আহাম্মদ বলেন, মৃত্যুর বিষয়টি জেনেছি। পরিবারের অভিযোগ থাকলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

