নালিতাবাড়ী(শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ীতে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার উপজেলার রাজনগর ইউনিয়নের রাজনগর সাইনবোর্ড গ্রামের নিজ ঘর থেকে মোতালেব(৫০) নামের ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। নিহত মোতালেব ওই গ্রামের মৃত রহমান আলীর পুত্র। শুক্রবার (৫ এপ্রিল) সকালে তার মরদেহের ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এলাকাবাসী জানান, নিহত মোতালেবের স্ত্রী ও তিন সন্তান পরিবারের সকল সদস্য জীবিকার সন্ধানে ঢাকায় অবস্থান করেন। মোতালেব একাই তার বাড়িতে থাকতেন। গত মঙ্গলবার রাতের খাবার খেয়ে নিজ শয়নকক্ষে ঘুমিয়ে পড়েন মোতালেব। রাতের কোন এক সময় হঠাৎ তিনি মারা যান। দুইদিন পর বৃহস্পতিবার প্রতিবেশী লোকজন তার একটি ভিজিএফ এর স্লিপ দিতে বাড়িতে গেলে ঘর থেকে গন্ধ বের হওয়া টের পান। টের পেয়ে পুলিশে খবর দেন তারা। পরে নালিতাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোতালেবের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। এসময় নালিতাবাড়ী সার্কেল এসপি দিদারুল ইসলাম ও ক্রাইম সিন ইউনিটের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভুইয়া জানান, ঘটনাস্থল থেকে মোতালেবের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সেইসাথে থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।

