রমজানে চাহিদা বাড়ায় বেনাপোল স্থলবন্দর দিয়ে আবারও ভারত থেকে আলু আমদানি করা হয়েছে। ইতোমধ্যে ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে চারটি চালানে এক হাজার টন আলু আমদানি করা হয়েছে।
বুধবার (২৭ মার্চ) সকালে চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা মিজানুর রহমান এক হাজার টন আলু আমদানির বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ভারতের পেট্রাপোল বন্দর হয়ে গত ১৩ মার্চ আট ট্রাকে ২০০ মেট্রিক টন, ১৪ মার্চ আট ট্রাকে ২০০ মেট্রিক টন, ১৯ মার্চ ১২ ট্রাকে ৩০০ মেট্রিক টন এবং শেষ ২৪ মার্চ রাতে আরও ১২ ট্রাকে ৩০০ মেট্রিক টন আমদানি করা আলু বেনাপোল বন্দরে প্রবেশ করেছে।
আলুর আমদানিকারক প্রতিষ্ঠান ইন্টিগ্রেটেড ফুড অ্যান্ড বেভারেজ। রপ্তানিকারক প্রতিষ্ঠান ভারতের পেপসিকো ইন্ডিয়া হোল্ডিংস।
ইতোমধ্যে আসা সর্বশেষ আলুর চালান বন্দর থেকে খালাস করতে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করেছে ট্রান্সমেরিন সিঅ্যান্ডএফ অ্যাজেন্ট।
ট্রান্সমেরিন লজিস্টিক লিমিটেড সিঅ্যান্ডএফ অ্যাজেন্টের প্রতিনিধি মাসুম বিল্লাহ জানান, চারটি চালানে ভারতীয় ৩২টি ট্রাকে এক হাজার মেট্রিক টন আলু আমদানি করা হয়েছে। যার প্রতি মেট্রিক টন আলুর আমদানি খরচ পড়ছে ১৯৪ ইউএস ডলার।
শেষ চালানের আলু আজ বুধবার (২৭ মার্চ) খালাস হওয়ার কথা রয়েছে বলে জানান তিনি।
এ বিষয়ে বেনাপোল বন্দরের পরিচালক (ট্রাফিক) রেজাউল করিম জানান, আমদানি করা আলুর তিনটি চালানের ৭০০ মেট্রিক টন ইতোমধ্যে বন্দর থেকে ছাড় করা হয়েছে। শেষ চালানের ১২ ট্রাকের ৩০০ মেট্রিক টন আলু বন্দরে খালাসের অপেক্ষায় রয়েছে। আমদানিকারক খালাসের অনুমতি চাইলে দ্রুত ছাড়করণের জন্য সব ধরনের সহযোগিতা করা হবে।
তিনি আরও জানান, এর আগে গত বছর ২ ডিসেম্বরে তিন ট্রাকে ৭৪ টন আলু আমদানি হয়। এরপর চলতি মাসে চারটি চালানে আরও এক হাজার মেট্রিক টন আলু আমদানি করা হয়েছে।

