গাজীপুরের শ্রীপুরে বেতন বাড়ানো ও নতুন বেতন কাঠামো বাস্তবায়নের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জমজম স্পিনিং মিলস লিমিটেডের শ্রমিকরা।
মঙ্গলবার ভোর সাড়ে ৬টা থেকে উপজেলার জৈনাবাজার এলাকায় বিভিন্ন দাবিতে মহাসড়ক অবরোধ করা হয়। এতে সড়কের দুপাশে দীর্ঘ যানজট তৈরি হয়। প্রায় দেড় ঘণ্টা পর পুলিশ শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নিলে সকাল ৮টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
শ্রমিকদের অভিযোগ, বিষয়টি নিয়ে জমজম স্পিনিং মিলস লিমিটেড নামের কারখানার ম্যানেজার, জিএমের কাছে বিষয়টি নিয়ে কথা বলার জন্য শ্রমিকরা গেলেও তারা কোনো গুরুত্ব দেয়নি।
আন্দোলনরত শ্রমিকরা জানান, আশপাশের সব কারখানায় বেতন বাড়িয়েছে। কিন্তু আমাদের বেতন ৭ হাজার টাকাই রয়ে গেছে। পাশের স্টিকার ম্যান কারখানার বেতন সাড়ে ৯ হাজার, ডাচ-বাংলা কারখানায় সাড়ে ৯ হাজার টাকা। আমাদের বেতন কেন কম দেওয়া হয়, আবার সময় মতোও দেওয়া হয় না।
এ বিষয়ে মাওনা হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন জানান, বেতন বাড়ানোসহ বিভিন্ন দাবিতে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছিল। পরে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করার আশ্বাসে তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে কারখানার ভেতর নেওয়া হয়েছে।

