শৃঙ্খলার স্বার্থে পেশাদার ও নিবন্ধিত অনলাইন পোর্টালই থাকবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত
মঙ্গলবার (৫ মার্চ) সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, ডাক- টেলিযোগাযোগ বিভাগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কার্য-অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
অনলাইনে কতগুলো আনরেজিস্টার্ড পোর্টাল আছে, যে পোর্টালগুলো বিভিন্ন ধরনের গুজব ছড়ায়। আমরা সেগুলোকে স্ট্রিমলাইন করাচ্ছি।
আমাদের পরিকল্পনা যারা পেশাদার এবং রেজিস্টার্ড, আইনগতভাবে সিদ্ধ, সেগুলোই থাকবে এবং চলবে। যাতে করে সবকিছুর মধ্যে একটা জবাবদিহি থাকে এবং একটা শৃঙ্খলা থাকে।
গুজব নিয়ন্ত্রণে ডিসিরা কি ভূমিকা রাখতে পারে এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তারা তো তৃণমূলের সাথে সম্পৃক্ত। আমাদেরকে তথ্য পাঠাতে পারেন। প্রান্তিক পর্যায়ে কি ঘটনাগুলো ঘটছে, সেগুলো নিয়ে তারা অ্যাকশনে যেতে পারেন এবং আরও কিছু বিষয় আছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ক্ষেত্রে। যেমন, ক্যাবল অপারেটর যারা তারা অনেক কিছু তাদের মতো কনটেন্ট দিয়ে দেয়, অডিয়েন্সের কাছে পৌঁছায়। এখানে সেই কন্টেন্টগুলো আসলে সঠিক কি না, ক্লিন ফিল্ডের যে বিষয়গুলো আছে, সেগুলো যথাযথভাবে প্রয়োগ হচ্ছে কি না, এ বিষয়গুলো আমরা বলেছি তাদের দেখা জন্য।
ডিসিদের পক্ষ থেকে কোনো সুপারিশ আছে কি না-এ বিষয়ে তথ্য প্রতিমন্ত্রী বলেন, গুজব নিয়ে তারা খুব চিন্তার মধ্যে আছেন, এটা সবাই আছে। প্রতিরোধে আমরা কিছু আলাপ করেছি।

