শিল্পী সমিতির নির্বাচনে অংশ নেওয়ার পাশাপাশি বড় চমক দেবেন এমন ঘোষণা আগেই দিয়েছিলেন প্রযোজক ও অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল।
অন্য দিকে মিশা সওদাগর জানিয়েছিলেন, এবার তাকে পাচ্ছেন না জায়েদ খান। নির্বাচন করলে তিনি অন্য প্যানেলে অন্য কারও সঙ্গে করবেন। এরপরই খবর আসে আসন্ন শিল্পী সমিতির নির্বাচনে একজোট হচ্ছেন ডিপজল-মিশা।
ডিপজল-মিশার একজোট হওয়ার খবর পেতেই আরও একটি প্রশ্ন উঁকি দেয়। সেটি হলো, কে হচ্ছেন সভাপতি, কে হচ্ছেন সাধারণ সম্পাদক? এবার জানা গেল উত্তর। আসন্ন সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী হচ্ছেন মিশা এবং সাধারণ সম্পাদক প্রার্থী ডিপজল। প্যানেলে জয় চৌধুরী থাকছেন সাংগঠনিক সম্পাদক হিসেবে। সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ডিপজল।
তিনি বলেন, ‘আমরা নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করছি। এখনো সব কিছু চূড়ান্ত হয়নি। শিগগিরই প্যানেল গুছিয়ে আমরা সংবাদ সম্মেলনের আয়োজন করব।’
এর আগে সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন ডিপজল। বর্তমান কমিটিতে আছেন সহ-সভাপতি হিসেবে। অন্যদিকে দুইবারের সভাপতি মিশা গত নির্বাচনেও প্রার্থী হয়েছিলেন। তবে ভোটের মাঠে হেরে যান তিনি।
এদিকে বর্তমান কমিটির সভাপতি ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক নিপুণ আক্তারের এক প্যানেলে থাকা নিয়েও চলছে ধোঁয়াশা। কেননা এর আগে সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে নিপুণ জানিয়েছিলেন কোনো এক সংসদ সদস্য হতে পারেন তার প্যানেলের সভাপতি প্রার্থী।
আগামী ১৯ এপ্রিল এফডিসিতে অনুষ্ঠিত হবে শিল্পী সমিতির নির্বাচন। গত ১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় শিল্পী সমিতির মিটিং অনুষ্ঠিত হয়। সেখানেই চূড়ান্ত হয় ২০২৪-২৫ সালে দ্বি-বার্ষিক নির্বাচনের তারিখ।

