নিজস্ব প্রতিবেদক
উত্তরা থেকে মতিঝিল অংশে পুরোদমে চালু হওয়া দেশের প্রথম মেট্রোরেল যাত্রীদের মনোযোগ আকর্ষণে সক্ষম হয়েছে। নিত্য যানজটের ফ্যাসাদ এড়িয়ে নিরাপদ এই বাহনে বাড়তি ভাড়া দিয়ে হলেও স্বল্প সময়ের মধ্যে মতিঝিলের মতো গন্তব্যে পৌঁছাতে পারায় সন্তুষ্ট উত্তরা-মিরপুরবাসী। এমনকি মাঝের সব স্টেশনসহ ফার্মগেট-শাহবাগের যাত্রীরাও এখন হরদম মেট্রোরেল ব্যবহার করছেন। ব্যাংকপাড়া মতিঝিলে যাওয়া ও আসার লাইন প্রতিদিন ক্রমেই বড় হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ও আশপাশের কলেজগুলোর শিক্ষার্থী, হাইকোর্টগামী উকিল-মক্কেল, প্রেসক্লাবগামী সাংবাদিক- সবার এখন পছন্দের বাহন মেট্রোরেল। ফলে প্রতিদিনই যাত্রীর সংখ্যা বাড়ছে সময় সাশ্রয়ী এই গণপরিবহনের।
গত ২০ জানুয়ারি থেকে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল অংশে সকাল থেকে রাত পর্যন্ত চলাচল করছে মেট্রোরেল। তবে অফিস শুরু ও ছুটির সময়টায় ভিড়ের কারণে মেট্রোরেলে উঠতে পারাই অনেকের জন্য কঠিন হয়ে যাচ্ছে। যাত্রীরা দাবি করেছে, ট্রেন চলাচলের মধ্যবর্তী সময় কমানোসহ পিক আওয়ারে ট্রেনে বগি বাড়ানোর। যাত্রীদের চলাচলের নানা অভিজ্ঞতা আমলে নিয়ে এসব সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর কোম্পানি সচিব (যুগ্ম সচিব) মোহাম্মদ আবদুর রউফ। তিনি বলেছেন, বগি বাড়ানো ও ট্রেন চলাচলের মধ্যবর্তী সময় কমাতে জরিপের কাজ করছে মেট্রো কর্তৃপক্ষ। শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত আসবে।
নতুন সেবা দেওয়া গণপরিবহনটি গত ২০ জানুয়ারি থেকে পুরোদমে চালুর পর এর সঙ্গে পরিচিত হচ্ছেন ঢাকার যাত্রীরা। এই ট্রেনের ওপর নির্ভর হয়ে গত তিন দিনে ২০ হাজার যাত্রী এমআরটি পাস কিনে ফেলেছেন। প্রতিদিনই বাড়ছে এর সংখ্যা। তবে যাত্রী পরিবহন বাড়লেও নানা ধরনের সমস্যা প্রতিদিনই হচ্ছে মেট্রোরেলে। সে সমস্যার কিছু মুখোমুখি হচ্ছেন যাত্রীরা। আবার কিছু সমস্যা দেখতে পারছে মেট্রোরেলের কর্তৃপক্ষ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
নিয়মিত যাত্রীদের দাবি, ট্রেন এখন সময়মতো প্লাটফর্মে আসছে না। দেরি হচ্ছে ২ থেকে ১০ মিনিট পর্যন্ত। আবার সকালে উত্তরা-মিরপুর থেকেই কিংবা বিকালে মতিঝিল থেকেই যাত্রীর ভিড়ে ট্রেনের ধারণক্ষমতা পূর্ণ হয়ে যাচ্ছে। ফলে মধ্যবর্তী স্টেশনগুলোতে ট্রেনে ওঠার সুযোগ মিলছে না অপেক্ষমাণ যাত্রীদের। এ অবস্থায় প্ল্যাটফর্ম থেকেই মাইকে ঘোষণা দিয়ে অপেক্ষমাণ যাত্রীদের পরের ট্রেনে আসার অনুরোধ জানানো হয়। ফলে মাঝের স্টেশনগুলোর অফিসগামী যাত্রীরা নির্ধারিত সময়ে অফিসে পৌঁছানো নিয়ে প্রতিদিনই শঙ্কায় থাকছেন। এজন্য তাদের দাবি, পিক আওয়ারে ১০ মিনিটের বদলে ৫ মিনিট পরপর মেট্রো ছাড়ার।
এ ছাড়া মেট্রোরেল চলাচলে কোনো কারণে বিঘ্ন ঘটলে প্ল্যাটফর্মের ভেতরে অপেক্ষায় থাকা যাত্রীরা নির্দিষ্ট সময় পার হওয়ার পর জরিমানা হিসেবে অতিরিক্ত টাকা কাটার আশঙ্কা প্রকাশ করেছেন। এ বিষয়ে এখনো কোনো সমাধান রাখেনি মেট্রোরেল কর্তৃপক্ষ। ইতোমধ্যে দেরি হওয়ায় অনেক যাত্রীর নিজস্ব পাস থেকেও জরিমানার টাকা কেটে রাখার ঘটনা ঘটেছে বলে কয়েকজন ভুক্তভোগী দাবি করেছেন।
অন্যদিকে, নির্ধারিত সময়ে ট্রেন স্টেশনে আসতে না পারার বিষয়ে মেট্রোর কর্তৃপক্ষ ডিএমটিসিএল বলছে, প্রত্যেকটা ট্রেন তার যাত্রীর ওজন ক্যালকুলেট করে ওই অনুযায়ী প্রত্যেক স্টেশনে অটো ব্রেক করে। এই সিস্টেম সিগন্যালে কোনো মেসেজে টেকনিক্যাল ইস্যু যদি হয় তাহলে সেটা স্টেশনের ট্রেনে ঢোকার জন্য যে দরজাগুলো আছে তার আগে অথবা পরে থেমে যায়। তখন সেটাকে ম্যানুয়ালি সঠিক জায়গায় সেট করতে হয়। তখন ২ -৩ মিনিট লাগে।
এ বিষয়ে ডিএমটিসিএলের কোম্পানি সচিব (যুগ্ম সচিব) মোহাম্মদ আবদুর রউফ বলেন, ‘এই সমস্যা নিয়ে আমরা আমাদের কনট্রাকটরসহ আরও যারা আছেন তাদের সঙ্গে মিটিং করেছি। শিগগিরই এই সমস্যার সমাধান হবে। ট্রেন স্টেশন থেকে ছাড়তে দেরি হওয়ার আরেকটি কারণ হিসেবে তিনি বলেন, অতিরিক্ত যাত্রীর কারণে ট্রেনের দরজা খোলা-বন্ধ নিয়ে সমস্যা হয়। তখন স্টেশন থেকে ট্রেন ছাড়তে দেরি হয়।
তিনি বলেন, ‘নতুন একটা সিস্টেম চালু হয়েছে। জনগণও অভ্যস্ত হয় নাই। আমাদেরও প্রতিনিয়তই নতুন বিষয়গুলো নিয়ে কাজ করতে হচ্ছে। আমরা সমাধান খুঁজে বের করব।’
ট্রেনের সংখ্যা বাড়ানো ও পিক আওয়ারে ট্রেনে বগি বাড়ানোর দাবি তুলেছেন যাত্রীরা। এ বিষয়ে ডিএমটিসিএল কী ভাবছে জানতে চাইলে মোহাম্মদ আবদুর রউফ বলেন, ‘এটা আমরা চিন্তা করছি। এক সপ্তাহের মধ্যে আমরা দেখছি বিষয়টা। আমাদের টিম কাজ করছে। সার্ভে করে আমরা দেখব মেট্রো ট্রেন চলাচলের মধ্যবর্তী সময়টা কতটা কমিয়ে আনা যায়। আমাদের বগি বাড়ানোর চিন্তাও আছে। যে সিস্টেমে আছে সেখানে প্রত্যেক কোচে আরও দুটি বগি যুক্ত করতে পারব। এ ছাড়া নতুন কোচ প্রয়োজন হলে ভাবা হবে।
উল্লেখ্য, সকাল ৭টা ১০ মিনিট থেকে বেলা ১১টা ৩০ মিনিট এবং বিকাল ৪টা ১ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত মেট্রোরেলের ‘পিক আওয়ার’। এ সময় ১০ মিনিট পর পর মেট্রোরেল চলাচল করার কথা। অফিস ঘণ্টায় ১০ মিনিটের পরিবর্তে ৫ মিনিট পরপর ট্রেন চলাচলের দাবি জানিয়েছেন যাত্রীরা। সম্প্রতি সকালে পিক আওয়ারে কয়েকটি ট্রেন ১০ মিনিটের পরিবর্তে ৫ মিনিট পরপর প্ল্যাটফর্মে এসে থেমেছে বলে যাত্রীরাও জানিয়েছেন। আর অফ পিক আওয়ারে (বেলা সাড়ে ১১টা থেকে ৪টা পর্যন্ত) ১২ মিনিট পরপর মেট্রো ট্রেন স্টেশনে থামছে।

