নিজস্ব প্রতিনিদি
এইতো আর এক দিন পর তথা আগামীকাল থেকেই শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর। তবে এরই মধ্যে ৯ বার সংঘটিত হওয়া এই টুর্নামেন্টকে এখনো যেন স্পর্শ করতে পারেনি পেশাদারিত্বের ছোঁয়া। আর নানা প্রকার সমালোচনা ও বিতর্ক তো আছেই। এমনকি এই টুর্নামেন্ট থেকে প্রাপ্ত কোনো আয় কিংবা লভ্যাংশ পায় না কোনো ফ্র্যাঞ্চাইজি। সেগুলো সরাসরি যায় বিসিবির কোষাগারে। তবে এবার সেই লভ্যাংশের ভাগ দাবি করেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক নাফিসা কামাল। তা না পেলে বিপিএল থেকে সরে যাওয়ার হুমকিও দিয়েছেন তিনি।
তিনি বলেন, ‘আমরা স্পন্সরদের কাছ থেকে সাড়া পাই। কারণ আমরা পেশাদারভাবে কাজ করি। আমাদের দলে বিনিয়োগ করে স্পন্সর সেই মূলটা পাবে বা পায়, প্রতিদিন পাচ্ছে। আমাদের দল কিন্তু আমাদের পকেট থেকে হচ্ছে না, পুরো স্পন্সর-বেজড। সামনে যদি স্পন্সর না পাই, তাহলে বিপিএল করব না। কারণ পকেট থেকে বিপিএল করার তো মানেই হয় না।’

