নিজস্ব প্রতিবেদক
রেকর্ড পঞ্চম ও টানা চতুর্থবারের মতো সরকার গঠনের শপথ নেওয়ার পরদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নতুন মন্ত্রিসভার সদস্যরা জাতীয় স্মৃতিসৌধে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।
শুক্রবার (১২ জানুয়ারি) সকাল ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এরপর মন্ত্রিসভার সদস্যদের নিয়ে জাতীয় স্মৃতিসৌধের বেদিতে আরেকবার পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।
পুষ্পস্তবক অর্পণের পর তারা স্বাধীনতার জন্য সর্বোচ্চ আত্মত্যাগকারী বীর শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায় এবং বিউগলে করুণ সুর বাজানো হয়। পরে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন শেখ হাসিনা।
এর আগে সকালে প্রধানমন্ত্রী তার নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে রাজধানীর ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ৬ মিনিটে বঙ্গভবনের দরবার হলে শেখ হাসিনা ও তার নতুন মন্ত্রীদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

