বিনোদন প্রতিবেদক:
বিনোদন অঙ্গনে ২০২৪ সালের প্রথম বিয়েটা করতে চলেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। গতকাল (১০ জানুয়ারি) তাঁর বাসায় হয়েছে গায়েহলুদ। আগামীকাল (১২ জানুয়ারি) বিয়ে। পাত্র মিডিয়ারই পরিচিতজন আবু সাইয়িদ রানা। তিনি ক্যামেরা ও নির্মাণের কাজে যুক্ত।
এদিকে গত সপ্তাহেই মৌসুমী ইনডিপেনডেন্ট ডিজিটালকে জানিয়েছিলেন দ্রুতই বিয়ে করতে পারেন। আর সেটা চলতি মাসেই।
জানা যায়, বেশ কিছুদিন ধরে প্রেম করছিলেন বর আবু সাইয়িদ রানা ও মৌসুমী হামিদ।
তবে প্রেমকে বিয়ে অবধি নিতে দুজনই পারিবারিক সম্মতি আদায় করেছেন। তারই ধারাবাহিকতায় হয়ে গেল গায়েহলুদ।
বিয়ে প্রসঙ্গে মৌসুমী হামিদ বা রানা কেউই মুখ খোলেননি। বুধবার দিবাগত রাতে তাদের একটি গায়ে হলুদের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে চলে আসে। সেই ছবির সূত্র ধরে কথা হয় মৌসুমীর ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু ও অভিনয়শিল্পীর সঙ্গে। তাঁরা বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, ২০১০ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টারে রানার্স আপ হন মৌসুমী হামিদ। এরপর থেকেই তিনি শোবিজের নিয়মিত মুখ। নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও কাজ করেছেন তিনি। তাঁর অভিনীত দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় দিন গুণছে। সিনেমা দুটি হচ্ছে— সোহেল রানা বয়াতি পরিচালিত ‘নয়া মানুষ’ ও হাবিবুল ইসলাম হাবিবের ‘যাপিত জীবন’।

