আন্তর্জাতিক ডেস্ক:
জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা ১৬১ জনে দাঁড়িয়েছে। এখনো নিঁখোজ রয়েছেন শতাধিক। ভূমিকম্পের পর গুরুত্বপূর্ণ ৭২ ঘণ্টা পেরিয়ে গেলেও কর্তৃপক্ষ মনে করছেন, ধ্বংসস্তূপের নিচে এখনো জীবিত মানুষ থাকতে পারে।
গতকাল সোমবার বিবিসিতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, নিখোঁজদের খুঁজে বের করতে এখনো জোরাল প্রচেষ্টা অব্যাহত রয়েছে। যদিও খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ ছাড়া নতুন করে প্রবল বৃষ্টি ও ভারী তুষারপাতে ভূমিধস ও ভবন ধসের শঙ্কাও দেখা দিয়েছে।
ভূমিকম্প আক্রান্ত এলাকার পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও এখনো ক্ষতিগ্রস্ত রাস্তার কারণে ২ হাজার মানুষ কার্যত বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। অনেকেই এখনো জরুরি আশ্রয়কেন্দ্রে রয়েছেন।
জাপানের সামরিক বাহিনীর পক্ষ থেকে রবিবার দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের ত্রাণ-সহায়তা দেওয়ার জন্য ৬ হাজারের বেশি সেনা মোতায়েন করা হয়েছে। ঘর ছেড়ে আশ্রয়কেন্দ্রে অবস্থান করাদের খাবার, পানি ও কম্বল সরবরাহ করেছে সেনারা।
জাপান বিশ্বের ভূমিকম্পপ্রবণ দেশগুলোর একটি। গত তিন বছরে দেশটিতে ছোট ও মাঝারি ধরনের ৫ শতাধিক ভূমিকম্প আঘাত হেনেছে। সূত্র: বিবিসি

