নিজস্ব প্রতিবেদক
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নানান অনিয়ম ও সহিংসতার অভিযোগে ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনের স্থগিত করা একটি কেন্দ্রের ভোট আগামী ১৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
সোমবার (৮ জানুয়ারি) বিকেলে ময়মনসিংহ জেলা রিটার্নিং অফিসার দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেছেন, নির্বাচন কমিশনের নির্দেশে ওই তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে। শতভাগ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ করা হবে। কেউ সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে।
এর আগে রবিবার ভোটগ্রহণ শেষ হওয়ার মুহূর্তে বিকেল সোয়া ৪টার দিকে উপজেলার সহনাটি ইউনিয়নের ৪০ নম্বর ভালুকাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রটি দখল ও ভাঙচুর করে ছয়টি ব্যালট বাক্স ছিনতাই করার ঘটনা ঘটে। ফলে এই আসনে নৌকা এগিয়ে থাকলেও একটি কেন্দ্রের ফলাফল বাতিল হওয়ায় এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে ভোটের পার্থক্য এক হাজারেরও কম থাকায় এ আসনের ফলাফল স্থগিত রয়েছে। এ আসনে নিলুফার আনজুম পপি নৌকা প্রতীকে ৫৩ হাজার ১৯৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সোমনাথ সাহা ট্রাক প্রতীকে পেয়েছেন ৫২ হাজার ২১১ ভোট।
এদিকে ময়মনসিংহের ১১টি আসনের মধ্যে ছয়টিতেই স্বতন্ত্র প্রার্থীরা জয় পেয়েছেন। নৌকার প্রার্থীরা জয় পেয়েছেন চারটি আসনে। আওয়ামী লীগের সঙ্গে সমঝোতায় পাওয়া জেলার দুটি আসনেই হেরেছে জাতীয় পার্টি।

