নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আগামী ১০ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের আয়োজন করা হবে। সমাবেশে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে ভারত, রাশিয়া ও চীনসহ সাতটি দেশ।
ওবায়দুল কাদের বলেন, ‘টানা চতুর্থবার ও মোট পঞ্চমবারের মতো জয় লাভ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারত রাশিয়া, চীন, ফিলিপাইন, সিঙ্গাপুর, শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা সাক্ষাৎ করে অভিনন্দন জানিয়েছেন দেশনেত্রীকে।’
তিনি আরও বলেন, ‘আমাদের ইশতেহারে দেয়া ওয়াদা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো। আগামী বাংলাদেশ হবে স্মার্ট ও সমৃদ্ধ। জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল থেকে দেশ পরিচালনা করব। এই নির্বাচন দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় মাইলফলক হয়ে থাকবে। বিএনপি জামায়াত এবার ও ব্যর্থ হয়েছে। বার বার নির্বাচন বর্জন করে আগামী ৫ বছর অপেক্ষা করা ছাড়া করণীয় নেই। আজ তাদের সব অভিযোগ বাস্তবতাবিবর্জিত, ভিত্তিহীন। প্রেস ব্রিফ করে মিথ্যাচার করে বক্তব্য দিয়েছেন। এমন মিথ্যাচার তাদের করুণ পরিণতির জন্য দায়ী।’

