নিজস্ব প্রতিবেদক
রাজধানীর জুরাইন থেকে ককটেল, পেট্রোল বোমা ও সরঞ্জামসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৩। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে জুরাইনের রেলগেইট সংলগ্ন পাশের একটি বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩০টি ককটেল, ২৮টি পেট্রোল বোমা এবং ০৬ টি টেপ উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, মো. আবুল কাশেম (৩৫), মো. ফজলে রাব্বী (২৭) ও মো. আলমগীর হোসেন (৩০)।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, নারায়ণগঞ্জ জেলার ফতুল্লার আলীগঞ্জ এলাকার আয়নাল নামের এক ব্যক্তি তাদের এসব ককটেল এবং পেট্রোল বোমা প্রস্তুত করতে বলেন। নির্বাচনকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির জন্য রাজধানীতে একটি বড় ধরনের নাশকতা করার পরিকল্পনা ছিল একটি দুষ্কৃতীকারী মহলের। পরিকল্পনা সফল করার জন্য আয়নালের নির্দেশ অনুযায়ী তারা রাজধানীর জুরাইন রেলগেইটের পাশে একটি বাড়ি ভাড়া করে ককটেল ও পেট্রোল বোমা তৈরী করেন।
কমান্ডার খন্দকার আল মঈন জানান, আগামীকাল রোববার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজধানীর বিভিন্ন এলাকায় নাশকতা করার জন্য এই ককটেল এবং পেট্রোলবোমা প্রস্তুত করা হয়েছে। নির্বাচনের পূর্বে এই ককটেল ও পেট্রোল বোমা রাজধানীর বিভিন্ন স্থানে বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক, জানমালের ক্ষতি সাধন ও নির্বাচনকে বানচাল করার চেষ্টা চালাবে। আয়নালসহ উক্ত ঘটনার সঙ্গে জড়িত নাশকতাকারীদের গ্রেপ্তারে র্যাবের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান এ র্যাব কর্মকর্তা।

