একাত্তর বলাংলা
টাঙ্গাইলের ভূঞাপুরে নেশার টাকা না দেয়ায় শফিকুল ইসলাম (৬০) নামে অটোরিকশাচালক বাবাকে হত্যার অভিযোগ উঠেছে ছেলে হেলাল মিয়ার (২৬) বিরুদ্ধে। এ অভিযোগে মঙ্গলবার সকালে হেলাল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটে উপজেলার বেতুয়া পলিশা উত্তরপাড়া গ্রামে।
মামলার এজাহারে বলা হয়, গত ২৮ ডিসেম্বর রাত ১১টার দিকে হেলাল মিয়া বাবার কাছে নেশার জন্য টাকা চান। টাকা না পেলে বাড়ির উঠোনে মায়ের সামনে কাঠ দিয়ে সে তার বাবার মাথায় আঘাত করেন। এতে গুরুতর আহত হন বাবা। পরে চিৎকার শুনে বড় ভাই দুলাল মিয়া ঘর থেকে এগিয়ে আসলে হেলাল পালিয়ে যান। স্থানীয়দের সহযোগিতায় ভূঞাপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয় আহত শফিকুলকে। পরে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক বলে বাড়িতে নিয়ে আসতে বলেন। পরে তাকে বাড়িতে নিয়ে আসা হয়।
শফিকুল ইসলাম বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার রাতে মৃত্যুবরণ করে। এ ঘটনায় মঙ্গলবার সকালে হেলাল মিয়ার মা শেফালী বেগম ভূঞাপুর থানায় ছেলের বিরুদ্ধে হত্যার অভিযোগ এনে মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে হেলাল মিয়াকে গ্রেপ্তার করে।
শেফালী বেগম বলেন, ‘আমার ছেলে বখাটে ও নেশাগ্রস্থ ছিল। কোনো কাজ-কর্ম করতো না। নেশার টাকা জোগাতে না পেরে বাবার সঙ্গে ঝগড়ার একপর্যায়ে মাথায় আঘাত করে। পরে সোমবার রাতে বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মায়া যান। এ নিয়ে থানায় হেলালের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করি।’
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান উল্লাহ্ বলেন, ‘হেলাল মিয়ার মা শেফালী বেগমের অভিযোগের প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করে টাঙ্গাইল কোর্টে পাঠানো হয় এবং বাবা শফিকুল ইসলামের মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হেলাল তার বাবাকে আঘাত করার দায় স্বীকার করেছেন।’

