একাত্তর বাংলা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ইন্টারনেট ফুল স্পিডে রাখতে সব মোবাইল অপারেটর কোম্পানিগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম।
সোমবার (১ জানুয়ারি) নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে নির্বাচনি অ্যাপ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
কতগুলো ভোটকেন্দ্রকে নেটওয়ার্কের আওতায় আনা সম্ভব হয়েছে- এ প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, আমাদের যতগুলো মোবাইল নেটওয়ার্কিং সিস্টেম আছে, সবগুলোই ফুল স্পিডে চালু থাকবে। আশা করি ইন্টারনেটের গতি স্লো হবে না। সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি ভোটের আগের দিন (৬ জানুয়ারি) দেশবাসীকে জানাবে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ওইদিন বিকেল ৩টায় এ বিষয়ে ‘মিট দ্য প্রেস’ এর আয়োজন করা হয়েছে।
ইসি সচিব আরও বলেন, আমরা মূলত নির্বাচন সংক্রান্ত সব বিষয় দেশি-বিদেশি পর্যবেক্ষক, সাংবাদিক, মেহমান যারা আছেন তাদের সম্মুখে জানাতে চাই।
এবারের জাতীয় সংসদ নির্বাচনে ২৮টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলে ১ হাজার ৮৯১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোট হবে আগামী ৭ জানুয়ারি।

